ধূপছায়া #নূপুর_ইসলাম #পর্ব- ২৬

0
2

#ধূপছায়া
#নূপুর_ইসলাম
#পর্ব- ২৬

জয়তুন অতি দরকার ছাড়া খুব একটা রাত জাগেন না। বুড়ো শরীর যতোই ডাট-বাট দেখাক, চাইলেও আর শরীরে কুলোয় না। তাই রাত আটটার মধ্যেই খাওয়া দাওয়ার পাট গুছিয়ে বিছানায় গিয়ে বসেন। আম্বিয়া আছে, তাই নিশ্চিন্তে কিছু সময়ের মাঝে চোখ বন্ধ করেন।

আজ আটটার ঘর অনেক আগেই পেরিয়ে গেছে। তবুও জয়তুন এখনও খাবার ঘরের দরজায় জলচৌকিতে আরামছেই বসে আছেন। যদিও বিশেষ কোনো কারণ নেই। আজ বাড়ির দুই গুণধর বলতে গেলে তাড়াতাড়িই বাড়ি ফিরেছে। আর জাফর তো ঘরের আসবাব। দুজনকে টেনে ঘরে ঢোকানো যায় না, আবার এটাকে টেনে বাইরে নেওয়া যায় না।

তাই সারেং বাড়ির তিন পুরুষ যখন খাবার ঘরে একসাথে মাদুরে বসলো, তিনিও ধীরে ধীরে এসে বসলেন। শাশুড়ির মৃত্যুর পর তিনি’ই সব সময় মধ্যে বসতেন। কি লাগবে, না লাগবে নিজ হাতে পাতে তুলে দিতেন। এখন শরীর নিজের ভর’ই কুলোতে পারে না। আবার পরের পাতের চিন্তা করবে কি? তাই চোখ, আর মনের শান্তির জন্যই বসে আছেন।

বীণা মান করে আছে। এক ওয়াক্তের খাবারও ঠিকমতো খাচ্ছে কি না সন্দেহ।আম্বিয়া’ই জোর করে রুমে গিয়ে খাইয়ে আসে। তবে জাফর বসার আগে তাকেও টেনে নিয়ে এলো। জয়তুনের দেখে ভালো লাগলো। সবাইকে আগলে রাখার ভালোবাসার গুণ জাফরের আছে। লোভ নেই, চাওয়া-পাওয়াও নেই। তা না হলে এত বড় সম্পদের একমাত্র উত্তরাধিকারী হয়েও কে আর আজকাল এভাবে হাত, পা গুটিয়ে সাধারণ ভাবে বসে থাকে। তবে বলতে’ই হবে সারেং বাড়ির রক্তের ভাব’ই আলাদা। তারা তেজ দেখায় না, রাগ দেখায় না। তারা শান্ত চুপচাপ। তবে তাদেরকে ভাঙাও যায় না।

আলতাফও ছিল এমন। শান্ত চুপচাপ। নিজের মতো থাকতো। জয়তুনের সব রাগ জেদ শান্ত ভাবে মাথা পেতো নিতো। কখনও কোন দ্বিমত জয়তুনে উপরে করেনি। জোছনাকে বিয়ের পরে তো আরো না। বরং জয়তুন’ই আর ফিরে তাকিয়ে দেখেনি। জোছনার মৃত্যুর পরেও না। যেই রেখা আলতাফ টেনেছে, জয়তুন সেটা কখনও মুছে ফেলতে দেয় নি। জয়তুন কখনও’ই এতো ফেলনা ছিল না। সে নিজ ইচ্ছার মালিক।

জয়তুনের তখন ভরা সংসার। শক্ত খুঁটির মতো বড় ছেলে জসিম আছে। বুকে আদরের জাফর আছে। পুরো সংসারের কর্ত্রী সে। তার তো আর কিছুর প্রয়োজন ছিল না।

আলতাফ এই যে জাফর,এই জাফরের মতোই সারেং বাড়ির এক কোণে চুপচাপ নিজের মতো থাকতো। ধীরে ধীরে নিজেকে একেবারে গুটিয়ে নিয়েছিল। সেই নেওয়ার মাঝেই নিঃশব্দে চলে গিয়েছিল। সেই নিঃশব্দতার মাঝেই কী নিখুঁতভাবে একটা চাল চেলে গেছে জয়তুন বুঝতেও পারেনি।

বুঝতে পেরেছে আলতাফের মৃত্যুর অনেকটা দিন পরে। কেননা সে যতোই বলুক, সারেং বাড়ির বড় পুত্র জসিম। কিন্তু আসল সত্য হলো বংশ আর দলিল সেখানে রক্ত ছাড়া অন্য কোনো রঙের বাহাদুরি চলে না। তাই তার মৃত্যুর পরে জসিম বা তার পরবর্তী সন্তানের কেউ যেন অনাদর না করতে পারে, তাই লিখিত ভাবে সব করতে চেয়েছিল।

আর করতে গিয়েই দেখে সারেং বাড়ির স্থাবর, অস্থাবর যত সম্পত্তি আছে, তার একমাত্র উত্তরাধিকার হবে সারেং বাড়ির রক্ত। সেটা জাফর হোক, তার সন্তান হোক, কি বা তার পরবর্তী প্রজন্মের কেউ। সে হবে কেবলমাত্র সারেং বাড়ির রক্ত।

জয়তুন হাসে! যেই জসিমের সাথে সামান্য অন্যায়ের জন্য মহাপাপ করতেও হাত কাঁপেনি। সেই অন্যায় আলতাফ কি সুন্দর করে গেলো। তবে কপাল যাগো পুড়া। যেদিকে যাও পুড়াই। তাই যেই বংশের রক্তের জন্য কত কিছু করে গেলো। অথচ ভাগ্য দেখো? এখন সেই বংশের রক্ত’ই নাই। আহারে সারেং বাড়ি!

যাকে গোনায় ধরতে এতো কষ্ট। সেই সারেং বাড়ির পরের পিড়ি এগুবে সেই গোনায় না ধরা জয়তুনের পালক পুত্র জসিমের রক্ত দিয়ে। আর এই রক্ত’ই হবে সকল স্থাবর, অস্থাবের মালিক।

জয়তুন মনে মনে খিক খিক করে হাসে। ভাগ্যের উপরে হাসে, আলতাফের উপরে হাসে। হেসেই আরামে পা ছড়িয়ে বসে। বসে একবার ভ্রু কুঁচকে দুতলার সিঁড়ির দিকে তাকায়। সব এখানে। স্বামী, ভাসুর, চাচা শ্বশুর রাতের খাবার খেতে বসেছে। এই কালমুখীর খবর নাই। সন্ধ্যায় চাপায় চাপাতি চালিয়ে উপরে যে গেছে আর নামার খবর নাই। জামাই নিয়ে দোর দিয়ে বসলেও তো এক কথা। জামাই এদিকে আধা ভেজা প্যানে ঘুরে বেড়াচ্ছে। কালমুখি ঘরের দোর লাগিয়ে বসে। না এই মাইয়ারে তো চিপরে ধরতে হবে। জয়তুনের মুখের উপরে কথা, এহনি’ই! টোকা মারলে তো ছাই দিয়ে হাতড়ে খুঁজে পাওয়া যাবে না।

তাই তেজ নিয়েই কাজের লোককে বললো, — ঐ, যা নয় বউ রে খবর দে। বাড়ির বউ হইয়া চাপা চালানো শুরু হয়ে গেছে, তয় একবেলা তো কারো পাতে এখনো ভাত বাড়তে দেখলাম না।

একজন দৌড়ে গেল। যেতেই জয়তুন বললো, — আলাউদ্দিনরে খবর দিছি। কাল আসবে বলেছে একবার। ও যদি বলে সব ঠিক। তাহলে আজিজরে পাকা কথা দেবো।

বীণার হাত থেমে গেলো। দু’দিনেই তার চোখ কোটরে ঢুকে গেছে। গায়ের শ্যামলা রং কালো। লম্বা চুলে অযত্নের জট ধরেছে। হয়েছে শুষ্ক। জাফর ভাতের থালায় আটকে যাওয়া হাতটা দেখলো। দেখে কিছু বলবে। জয়তুন হাত উঠিয়ে থামিয়ে বীণার দিকে তাকিয়ে মমতা মাখা কণ্ঠে বললো, — এদিকে আয়তো বুবু।

বীণা নড়লো না। আগের মতোই বসে রইল। এরশাদ শাহবাজ দু’জনেই চোখ তুলে তাকালো। বোনকে আহ্লাদ করার মতো সম্পর্ক তাদের মধ্যে নেই। এরশাদের যাও আছে শাহবাজের তাও নেই। সে কারো সাথেই ভালো ভাবে কথা বলতে পারে না। নেই বলে এই না, বোনকে তারা স্নেহ করে না।

জয়তুনের কণ্ঠে রাগ নেই। তবুও একটু শক্ত করেই বললো, — আমার কিন্তু বেয়াদবি একদম পছন্দ না বীণা।

বীণা উঠল। উঠতেই জয়তুন বললো, — ভাতের থালা পানির গ্লাস নিয়ে আয়।

বীনা থম মেরেই প্লেট গ্লাস হাতে নিলো। নিয়েই জয়তুনের কাছে এলো। জয়তুন হেসে আগে পানির গ্লাস টেনে নিলো। নিয়ে ঘরের মাঝেই হাত ধুলো। আম্বিয়া বিরক্ত চোখে তাকালো। পুরো গ্রামে সারেং বাড়ি মহল হলেও এই বুড়ির কাছে আজীবন ময়লার গাতা’ই রইল।

জয়তুন হাত ধুয়ে বীণাকে টেনে পাশে বসালো। ভাতের থালা হাতে নিয়ে বৃদ্ধ হাতে ভাত মাখিয়ে মুখে তুলে সামনে ধরলো। বীণা অবশ্য হা করলো না। আগের মতোই থম মেরে বসে রইল।

জয়তুন হাসে! হেসে বলে, — জয়তুন তো খারাপ। সারা জীবন’ই খারাপ। এইডা নতুন কিছু না। আমি খারাপ হইয়া’ই ভালা আছি। এখন ক এই যে এতো বড় হইলি, আমার কোন খারাপে তোগো কোন খারাপ হইছে নি?

বীণার কণ্ঠ দিয়ে শব্দ আসে না। তবে চোখের পানি এসে ঠিক জমা হয়।

জয়তুন দেখে! দেখে মাখানো ভাত আবার থালায় রাখতে রাখতে বলে, — বাঁচুম আর কয়দিন? এইডা তোর দাদির ঘন্টা বাজানোর সময়। এখন এই ঘন্টা বাজানোর আগে আমি চাই আমার সব নাতি নাতনীদের একটা গতি করে যেতে। তা না হলে তো মরেও শান্তি পামু নারে। তুই’ই ক? তোরা ছাড়া আমার কে আছে?

বীণার গাল গড়িয়ে পানি পড়ে। জয়তুন বা হাতে আদুরে ভাবে মুছতে মুছতে বলে, — মাইয়া হইয়া জন্মাইছোছ। পরের বাড়ি তো যাইতেই হইবো। এটাই দুনিয়ার নীতি। আর মান করে থাকিস না বু। তুই মান করলে আমাগো ভালো লাগে ক?

বীণা করুন চোখে চোখ তুলে তাকায়। জয়তুন সেই চোখে চোখ রাখে না। সে চোখ রাখে ভাতের থালায়। আবার ভাতের লোকমা মুঠোয় নিতে নিতে বলে, — ঘাউড়াডার তো গতি এমনি হয়ে গেছে। আল্লাহর ইচ্ছা! যাক ভালো। বাকি আছে বুইড়া ডা। তোর গতি হইলে, সেটার ব্যবস্থা নেবো। আরেকটা রাম বুইড়া ওইডারে আল্লাহ নামে ছাইড়া দিছি। যা, যা খুশি কর।

শাহবাজ ফিক করে হাসলো। জাফর বিরক্ত নিয়ে তাকালো। নাতি নাতনী নিয়ে খেলার বয়সে সন্তানদের সামনে কি শুনতে হয় তার। এরশাদের তেমন হাবভাব হলো না। তবে আম্বিয়া মুখে আঁচল চাপল। এই বুড়িও না।

বীণা অবশ্য হাসলো না। জয়তুন ভাতের লোকমা আবার মুখে সামনে ধরলো। বীণা না হাসলেও এবার খাবার মুখে নিলো। নিতেই জয়তুন বললো, — ফরহাইদা পছন্দ না। ঠিক আছে সমস্যা না। তবে বইন চিন্তা কইরা দেখো। আমি তো আমার নাতনীরে যেন তেন বাড়িত দিমু না। অবশ্যই সারেং বাড়ির সমান সমান হইতে হইবো। দেখতো বইন আমাদের গ্রামের সারেং বাড়ির সমান মহাজন বাড়ি ছাড়া আর কোন বাড়িত আছে কি না?

ফরহাদের নাম আসতেই বীণার চোখে মুখে বিরক্ত ছেয়ে গেলো। জয়তুন দেখলো। দেখে এবারো নিজের মতো ভাতের লোকমা মুঠোয় নিয়ে মুখে পুরতে পুরতে বললো, — নিজের গ্রামে থাকলে, চোক্ষের সামনে থাকবা। ভাইয়েরা আজ আপন, কাল চোক্ষের আড়াল হইলে কয়দিন গিয়া খোঁজ লইবো। তাছাড়া ঘরের মানুষ এরা। ঊনিশ বিশ হলে, ঠিক কান মুচড়ে ধরতে পারবো। অন্যের টা কি পারবো?

এখন তুমি বলো? তোমার বিবেচনায় কি বলে? মেয়ের আসল জীবন হলো সংসার। লেখা পড়ার শখ করছো পড়ছো। এখন দাদিরে নিশ্চিন্তে মরতে দাও। কি বুবু দিবা না? নাকি রক্তের দাদি না দেইখা কথার দাম নাই। রক্তের হইলে নিশ্চয়’ই দাম থাকতো।

বীণা বড় একটা শ্বাস ফেললো। ফেলে জয়তুনের সাইড থেকে পানির গ্লাস নিয়ে, গলায় জমাট বাঁধা খাবার নিচে নামালো। নামিয়ে উঠে যেতে যেতে বললো, — তোমাদের যা ভালো মনে হয় করো। আমি রাজি।

জয়তুন হাসলো! দুই ভাই স্বস্থির নিশ্বাস ফেললো। জাফর অবশ্য বীণার মতোই বড় একটা শ্বাস ফেললো। দুনিয়ায় সবচেয়ে বড় ঋণ হলো, ভালোবাসার। এই ঋণ না কখনও শোধ করা যায়, না কখনও মাড়িয়ে সামনে এগুনো যায়।

তখনি আয়না নামলো। গায়ে রাঙা গোলাপি কাপড়। সেই রাঙা গোলাপি কাপড়ের আঁচল সুন্দর করে মাথায় ঘোমটা দেওয়া। নাকে নাকফুল, হাতে সোনার পাতলা কয়েক টা চুড়ি। পায়ে বীণার মতো পা ঝাপ না পড়লেও, চিকন নূপুর। তাতে হালকা নিক্কণ ভেসে আসছে।

জয়তুনের দেখে মন ভরলো। বাড়ির বউ যদি বউয়ের মতো’ই না লাগে, তো ঘর বাড়ি উজ্জল হয় নাকি? না, এই মেয়ের রুপ আছে বলতে’ই হবে। তাই সন্ধ্যার রাগ না ভুললেও, তেজ দেখালো না। শুধু বললো, — ঘুরলা ফিরলা তো কম না। এখন শ্বশুর বাড়ির মানুষদের একটু সেবা শ্রদ্ধা করো। যাও খাবার ঘরে যাও। রান্না ঘরে পা না রাখো, অন্তত পাতে ভাত টা যেন তোমাকেই বাড়তে দেখি।

আয়না কিছু বললো না। নিঃশব্দে এগিয়ে গেলো।
আয়না কে আসতে দেখে আম্বিয়া উঠে সাইডে গেলো। সে জানে এটাই সত্য। ধীরে ধীরে এভাবেই সব কিছু থেকে তাকে সাইড হতে হবে। তবুও কোথাও যেন লাগলো। আর লাগতেই আড়চোখে এরশাদের দিকে একবার তাকালো।

এই জীবনে সে কিছু’ই চায়নি। কিছু না মানে কিছুই না। তবে একবার দুঃসাহস করেছিল। অনেকটা আগে। রাতটা ছিল ঝড় বৃষ্টির এক কালবৈশাখির রাত। কারেন্ট নেই! সারেং বাড়ি পুরো নিস্তব্ধ, অন্ধকার। সেই অন্ধকারে সব সময়ের মতো এরশাদ বাড়ি ফিরে দরজার কড়া নেড়েছিল।

সেও স্বাভাবিক ভাবেই দরজা খুলেছিল। খুলতেই গায়ের ভেজা কাপড় নিয়ে স্বাভাবিক ভাবেই এরশাদ ভেতরে এলো। আর তখনি বজ্র পাতের আগুন রাঙা আলোয় বৃষ্টিতে ভেজা এরশাদকে দেখে কিছু একটা হলো। কি হলো আম্বিয়া নিজেও জানে না। আবেগের বয়স ছিল, ঝড় বৃষ্টির রাত ছিল আর মনে সুপ্ত প্রেমের আগুন ছিল। ব্যস, অঘটন টা ঘটালো।

এরশাদ ভাই প্রথমে থমকে গিয়েছিল। তারপর’ই এমন ভাবে ছুঁড়ে ফেলেছিল। যেন আম্বিয়া খুব’ই অচ্ছুত কিছু। শুধু ছুঁড়ে ফেলেনি। গালের মধ্যে এমন একটা দিয়েছিল। দিয়ে দাঁত চিবিয়ে বলেছিল, — তুই, বীণা, শাহবাজ এই তিনজনের হাত আমার হাতে বাবা দিয়েছিল। সেই দিনের পর থেকে আমি কখনও তোকে আলাদা চোখে দেখিনি। কাজের লোকের বেটি না, আজ প্রমাণ করলি। আর আজ থেকে তুই সেই কাজের বেটি’ই। তাই চোখ যেনো কখনও এরশাদের চোখে না পড়ে। পড়লেই গুটি ভর্তা করে ফেলবো।

আম্বিয়ার সেই দিন মরে যেতে ইচ্ছে করেছিল। তবে জীবনের মায়া ছাড়া এতো সোজা না। সে দীর্ঘশ্বাস ফেলে খাবার ঘরের বাইরে গেলো।

সে যেতেই আয়না বসলো। বসে জাফরের দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে আস্তে করে বললো, — আপনার কিছু লাগবে ছোট চাচা?

জাফরও মিষ্টি করে হেসে স্নেহ ভরা কণ্ঠে বললো, — না মা লাগবে না। তুমিও বরং আমাদের সাথেই বসে পড়। এই অল্প কিছু মানুষ। এতো আলাদা আলাদা ভাবে খাওয়ার তো কিছু নেই।

আয়নাও হাসলো, হেসে মাথা নাড়িয়ে এরশাদের দিকে তাকিয়ে বললো, — আপনাকে আর কয়টা ভাত দেই ভাসুর ভাই? থালা তো একদম খালি।

এরশাদ তাকালো না। তার খাওয়া শেষ। তবে না তাকিয়েই একটু হাসলো। এই মেয়ে দেখতে ভোলা – ভালা হলেও ফাজিলের চূড়ান্ত। হেসেই দু’ পাশে শুধু মাথা নাড়লো।

তারপর আয়না শাহবাজের দিকে তাকালো। সে নিজের মতো খাচ্ছে। আয়না এসেছে তাতে কোন হেলদোল নেই। বরং আয়নাকে পুরো উপেক্ষা করে, নিজেই দু’ চামচ পটাপট ডাল নিলো। নিয়ে থালা উঠিয়ে চুমুক দেবে, তখনি আয়না বললো, — আরে আরে ওভাবে ডাল মুখে দিও না। মাথায় উঠবে।

এমনিই ডাল মাথায় উঠত কি না শাহবাজ জানে না। তবে আয়নার তুমিতে ঠিক উঠে গেলো। শুধু কি উঠল! এক কাশিতে আয়নাকেও পুরো মাখিয়ে ফেললো।

আয়নার অবশ্য তেমন ভাবান্তর হলো না। সে স্বাভাবিক ভাবেই আঁচল দিয়ে মুখ মুছলো। মুছে পানির গ্লাস এগিয়ে দিতে দিতে বললো, — আগেই বললাম, তুমিতো শুনলেই না।

শাহবাজের লাজ লজ্জা নেই। বড়, ছোট কাওকে গোনায় ধরছে বলে মনেও পড়ে না। তবে ছোট চাচা, বড় ভাইয়ের সামনে এই মেয়ের ঢংয়ের কথায় কেন জানি, অস্বস্তি জেঁকে ধরলো। তাই পানি খাওয়া তো দূরের, এঁটো হাতেই হনহনিয়ে খাবার ঘর থেকে বেরুতে গেলো। সেখানেও হলো বিপত্তি।

জয়তুনের হাত ধোয়া পানিতে পা পিছলে পড়তে পড়তেও অনেক কষ্টে দরজা ধরে ফেরালো।

জয়তুন তো আল্লাহগো বলে এক চিৎকার দিলো। এরশাদ জাফর দু’জনেই হতবাক। আসলে হচ্ছে কি এখানে?

আয়না ঠোঁট টিপে হাসলো। শাহবাজ তখনি তাকালো। আয়নার টিপে হেসে রাখা ঠোঁটের দিকে তাকিয়ে স্বাভাবিক ভাবেই সোজা দাঁড়ালো। দাঁড়িয়ে হনহনিয়ে বাইরে চলে গেলো।

এতো রাতে বাইরে যাওয়ার জন্য জয়তুন চেঁচালো। শাহবাজ কানেও তুললো না। তবে আয়না মনে মনে হাঁফ ছাড়লো। যাক বাবা! আজকে রাতটাও শান্তিতে ঘুমানো যাবে।

…..

অফিসার খলিল থানায় পা রাখতেই কনস্টেবল কাইয়ুম দৌড়ে এলো। হন্তদন্ত হয়ে বলল,– স্যার, মুগদা থানার অফিসার সাবেত মাহমুদ এসেছেন। সঙ্গে মিসেসও আছেন। আপনার খোঁজ করছেন।

খলিলের কপাল কুঁচকে উঠল। মুগদা থানার অফিসার তার খোঁজ করছেন! তাও এমন সকাল সকাল! কাহিনী কি? এমনিতে’ই তারেকের কেস নিয়েই মাথায় ঝামেলার পাহাড়, পত্রিকার লোক গুলো যা মন চায় ইচ্ছে মতো বানিয়ে ছাপাচ্ছে। এর মাঝে আবার এখন কোন হাঙ্গামা? ধুর!

বলেই এগিয়ে গেলো। সাবেতকে দেখে সৌজন্যমাখা ভঙ্গিতে হাত বাড়াল খলিল। বয়স, পদ দু’জায়গায় ‘ই উনি বড়। অবশ্য গেটাআপে আসেননি। এসেছে সাধারণ পোশাকে। তবুও হাত বাড়িয়ে নম্র কণ্ঠে বললো, — দাঁড়িয়ে আছেন কেন? বসুন স্যার। তারপর শায়লার দিকে তাকিয়ে বললো, ” ম্যাডাম আপনিও বসুন।” এই কে আছিস। এদিকে চা দে।

সাবেত শায়লাকে ধরে বসালো। পত্রিকায় খবর দেখার পর থেকে আর ঠিক নেই। হাজার রাগ থাক, নিজের সন্তান। আর সন্তানের বিপদে কোন বাবা, মায়ের পক্ষে মুখ ফিরিয়ে থাকা সম্ভব না। হাজার বার বললো। আমি দেখছি, না নিজেও আসবে। এখন দেখো দাঁড়িয়ে থাকতেও পারছে না। পারবে কি করে, খবর শোনার পর থেকে গলা দিয়ে পানিও নামিয়ে দেখেনি।

তারা বসতেই খলিলও নিজের জায়গায় বসলো। বসে বললো, — কোনো সমস্যা, স্যার?

সাবেত দীর্ঘশ্বাস ফেললো। ফেলে বললো,
— তারেকের মার্ডার কেসটা নিয়ে কিছু জানতে এসেছি।

খলিল খানিক থমকে গেল। এই কেসের কোনো সুরাহা তো ভালোই, আগা মাথা’ই পাচ্ছে না। যার সঙ্গে পরকীয়া তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তার স্বামীও সন্দেহের তালিকায় ছিল। তবে তারা ওই রাতে একসঙ্গে বাসায়’ই ছিলেন। দুনিয়ার প্রমাণ আছে। অন্য কোনো ভাবে যদি কিছু করে থাকে, তারও খোঁজ চলছে। কিন্তু যার কোন তাল পাচ্ছে না, সেটা হলো তারেকের প্রাক্তন স্ত্রী। সে যেন হাওয়ায় মিশে গেছে।

খলিল সাবধানী গলায় জানতে চাইল,
— আপনি কি তাকে চেনেন, স্যার?

সাবেত শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন,
— পৃথিলা আমাদের মেয়ে।

খলিল যেন এবার ঝটকা খেলো। তারেকের কেস ফাইল ঘেঁটে মেয়েটির নাম, পরিচয় সব কিছু পড়েছে। তবে ওই সাবেত যে, এমন কেউ সাবেত ধারণা ছিল না। কেননা তারেকের কোন আত্মীয় বাপের বাড়ির ঠিকানা দিতে পারেনি। কারণ এই বিয়ে নিয়েই নাকি তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়েছিল। আর তারেক তার পক্ষের সবাইকে নাকি সোজা বলেছিল। পৃথিলাকে তার বাবার বাড়ির সম্পর্কে কিছু জিজ্ঞেস করে যেন কখনও কষ্ট না দেওয়া হয়। থাকতো ঢাকায়! নিজেদের মতো ফ্ল্যাটে। দেশের মানুষ আর কি মাথা ঘামাবে। তাই কখনো অতো ঘামিয়েও দেখেনি।

খলিল নিজেকে সামলে নিয়ে বলল,
— পৃথিলা কি আপনাদের কাছে স্যার?

সাবেত হালকা হেসে বললো, — থাকলে নিশ্চয়’ই তোমার কাছে আসতাম না।

খলিলও হাসলো! হেসে বললো, — তা ঠিক। তবে দুঃখের সাথে জানাচ্ছি স্যার। আমরাও আপনার মেয়ের এখনো কোনো খোঁজ পাইনি।

শায়লার গাল গড়িয়ে পানি পড়লো। সাবেত চুপ। দৃষ্টি স্থির। তারপর ধীরে ধীরে বললেন — আমার মেয়ে এই খুনে জড়িত হতে পারে না। আমি জানি, বিশ্বাস করি। ওই পারভার্টটা নিশ্চয়ই আমার মেয়ের সঙ্গে কিছু করেছে। তা না হলে পৃথিলা এমন গায়েব হয়ে যাওয়ার মেয়ে না।

খলিল সংযতভাবে বলল,– যতক্ষণ না তাকে খুঁজে পাওয়া যাচ্ছে, নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না, স্যার।

সাবেত আর কথা বাড়ালেন না। তার যা জানার জেনেছে। যতো ক্ষমতাই থাক, চাইলেই আরেক থানার কেসে চট করে ঢোকা যায় না। তবে তিনি ঢুকবেন। সব ব্যবস্থা করেই ঢুকবেন। তাই শায়লার দিকে তাকিয়ে নরম সুরে বললেন, — এসো।

শায়লার চোখে পানি টলমল করছে। কণ্ঠ ভেজা, গলা কাঁপছে। সেই ভাবেই আস্তে করে বললো, — আমার মেয়ে কোথায়, সাবেত? কী হয়েছে ওর সাথে?

সাবেত স্ত্রীর কাঁধে ভরসার হাত রাখলেন। গভীর মমতায় মাখা কণ্ঠে বললেন, — ভেবো না! আমি আছি। আমি থাকতে আমাদের মেয়ের কিছুই হবে না।

সাবেত শায়লাকে নিয়ে বেরিয়ে গেলো। খলিল ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সে ভালো করেই জানে এখন কি হবে। এই কেস সুন্দর মতো উপর মহলে যাবে। আর সব হ্যান্ডেল করবে, সাবেত মাহমুদ। একনিষ্ঠ চরিত্রবান অফিসার। যার দীর্ঘচাকরি জীবনে কোন খারাপ রেকোর্ড নেই।

চলবে…..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here